করোনা সতর্কতায় দেশের বিভিন্ন স্থানে গৃহবন্দী মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। শারীরিক দূরত্ব নিশ্চিত করেই দেয়া হয় এই সহায়তা। এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়।
সোমবার (৬ এপ্রিল) সকালে দিনাজপুরের খানসামার হোসেনপুর এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয় জেলা প্রশাসন। ৩শ’ পরিবারে দেয়া প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন ও ব্যক্তি উদ্যোগেও চলছে এ কার্যক্রম।
জয়পুরহাটে প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু। সদর উপজেলার দুটি ইউনিয়নের সহস্রাধিক কর্মহীন মানুষকে দেয়া হয় এই সহায়তা। অন্য উপজেলাতেও জরুরি ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই এলাকায় ৫ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ। অন্যদিকে, চিনাইর আশ্রায়ন প্রকল্পের ২০ পরিবারকে খাদ্য সামগ্রী দেয় উপজেলা প্রশাসন। এ সময় সমাজের বিত্তবান মানুষকে গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
ঝিনাইদহে খাদ্য সামগ্রী পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে স্থানীয় ২ ব্যবসায়ীর অর্থায়নে ১৫শ’ পরিবারকে এই সহায়তা দেয়া হয়।
সাভারে সামাজিক দুরত্ব বজায় রেখে কয়েকশ’ অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের উদ্যোগে এ ত্রাণ সহায়তা দেয়া হয়।
এছাড়া, নাটোর, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে হতদরিদ্র ও কর্মহীন শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। পাশাপাশি করোনা প্রতিরোধে মাইকিং করে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়।












