ফরিদপুরের বোয়ালমারীতে দায়িত্বরত পুলিশের ওপর হামলাকারী আ’লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সিগারেট উদ্ধার করেছে উপজেলা নির্বাহী অফিসার ও বোয়ামারী থানা পুলিশ । এ ঘটনায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান করে পুলিশের ওপর হামলা, অবৈধ্য অস্ত্র ও বাজার অস্থিতিশীল করার পরিকল্পনায় পণ্য মজুদ করার দায় ৩ টি পৃথক মামলা দায়ের করেছে বোয়ালমারী থানা পুলিশ। এঘটনায় জড়িত ১ জনকে আটক করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে গতকাল শনিবার (৪এপ্রিল) দুপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বরত পুলিশের উপর হামলার নেতৃত্বদানকারী- আওয়ামীলীগ নেতা ও ময়েনদিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাতুব্বরকে প্রধান আসামি করে তিনটি মামলা দায়ের করেছে বোয়ালমারী থানা পুলিশ।
ওইদিন বিকেলে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আলিমুজ্জামান ও অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ময়েনদিয়া বাজার ও মান্নান মাতুব্বরের বাড়ি অভিযান চালায়।
এ সময় ওই আ’লীগ নেতার বাড়ি থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দের উপস্থিতিতে ২টি রামদা, ১টি ছুরি, ৫টি বর্শা, ২০টি সড়কি, ৫টি ফলা ও ২০টি ঢালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। একই সঙ্গে করোনাভাইরাস সংক্রমণ উদ্ভূত পরিস্থিতিকে পুঁজিকরে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনায় মজুদকৃত ৫ লক্ষাধিক টাকার ১ লাখ শলাকা সিগারেটও জব্দ করা হয়।
এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দীপংকর স্যানাল বাদী হয়ে শনিবার রাতে একটি অস্ত্র মামলা ও বিশেষ ক্ষমতা আইনে অবৈধ মজুূদ রাখার দায় এবং সরকারি কাজে বাধাদান ও দায়িত্বরত পুলিশের উপর হামলার দায়ে রবিবার উপ-পুলিশ পরিদর্শক শাহাদত হোসেন বাদী হয়ে ২টি পৃথক মামলা দায়ের করেছে। এ ঘটনায় থানা পুলিশ প্রধান আসামি আব্দুল মান্নান মাতুব্বরের ছেলে মজনু মাতুব্বরকে রবিবার ভোররাতে পাশ্ববর্তী সালথা উপজেলার খাড়দিয়া এলাকা থেকে আটক করেছে।
উল্লেখ্য, করোনা সংক্রমক রোধে ময়েনদিয়া বাজারে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়ন করতে গেলে আ’লীগ নেতা মান্নান মাতুব্বরের নেতৃত্বে পুলিশের উপর হামলায় ২ পুলিশ উপ পরিদর্শকসহ ৮ পুলিশ সদস্য গুরুতর আহত হয়।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ময়েনদিয়ার ঘটনা পৃথক তিনটি মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করেছি। বাকী আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।












