ভোলায় তাবলিগ জামাতের শতাধিক মুসল্লি আটক

ভোলায় নৌ-বাহিনীর অভিযানে তাবলিগ জামাতের ৭০ ও অন্য যাত্রী মিলিয়ে ১৩০ যাত্রীসহ ৪ চালককে আটক করা হয়েছে। এ সময় ৪টি গণপরিবহনও আটক করা হয়।

শনিবার বোরহানউদ্দিন উপজেলার ডাইভারশন রোডে এ ঘটনা ঘটে। অভিযানের নেতৃত্ব দেন ভোলা নৌ-কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নুর মোহাম্মদ।

পরে আটকদের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর কাছে হস্তান্তর করা হয়।

কমান্ডার নুর মোহাম্মদ বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তাবলিগ জামাতের ৭০ যাত্রী নিয়ে ভোলা সদর হয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল রজনীগন্ধা পরিবহন-১।

এ ছাড়া আরো ৪০-৪৫ জনকে নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল রজনীগন্ধা-২। আরো দুটি মাইক্রোবাস ২০-২২ জন যাত্রী নিয়ে ভোলা সদরের দিকে যাচ্ছিল।

তিনি জানান, পরবর্তীতে অবশ্য সব যাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে। এ সময় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহনে এভাবে চলাচল দেশের জন্য অত্যযন্ত ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে বলে সবাইকে সতর্ক করা হয়।

জানা যায়, তাবলিগ জামাতের যে ৭০ জন যাত্রীকে আটক করা হয়, তাদের প্রত্যেকের বাড়ি টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায়। তারা ভোলার চরফ্যাশনের বিভিন্ন মসজিদে ১০-১২ দিন ছিলেন। এদিন সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, আটকের পর ৪ ড্রাইভারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে বাস ড্রাইভার জহিরকে ১০ হাজার, শাহে আলমকে ১০ হাজার, মাইক্রেবাসের ড্রাইভার আলমগীরকে ৫ হাজার ও আলী আকবরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন