৫১ শতাংশ ইপিএস বেড়েছে বারাকা পাওয়ারের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় ৫১ শতাংশ বেড়েছে। আর চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস আগের বছরের একই সময়ে তুলনায় ৯০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে বারাকা পাওয়ারের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৭ পয়সা। আর চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩০ পয়সা। ২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৫ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৯ পয়সা। আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বারাকা পাওয়ার। এর আগে ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল বারাকা পাওয়ার। ২০১৭ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদের পাশাপাশি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০১১ সালে বারাকাতুল্লাহ ইলেকট্রো ডাইনামিকস লিমিটেড (বিইডিএল) নামে পুঁজিবাজারে আসে বর্তমান বারাকা পাওয়ার। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২২০ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮৮ কোটি ১৯ লাখ টাকা। মোট শেয়ারের ১৮ দশমিক শূন্য ১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩৬ দশমিক ৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৫ দশমিক ৪৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন