চিটাগং চেম্বার স্থাপন করবে করোনা স্যাম্পল কালেকশন বুথ

দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চারটি ও মহানগরীর বিভিন্ন পয়েন্টে তিনটি করোনাভাইরাস পরীক্ষার স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করতে যাচ্ছে। এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বির প্রতি এক পত্রের মাধ্যমে সহযোগিতার আহ্বান জানিয়েছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চিঠিতে তিনি উল্লেখ করেন করোনাভাইরাস আক্রান্তের ক্ষেত্রে বর্তমানে রাজধানী ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান। দেশের বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু এই বন্দর নগরীতে প্রায় ৬০ লাখ লোকের বসবাস। বর্তমানে করোনার প্রাদুর্ভাবের কারণে এ শহরে সাধারণ জনগণ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। সরকারিভাবে জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ফৌজদারহাটে বিআইটিআইডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা অব্যাহত রয়েছে। কিন্তু বিশাল জনগোষ্ঠীর তুলনায় করোনা পরীক্ষার এ আয়োজন অত্যন্ত অপ্রতুল। বিশেষ করে স্যাম্পল কালেকশনের সুবিধা শুধু সেন্টারসমূহে বিদ্যমান বলে করোনা এবং করোনাবিহীন উভয় রোগীদের সংমিশ্রণ হচ্ছে এবং এসব কেন্দ্রের ওপর মানুষের চাপ বৃদ্ধি পাচ্ছে। এ চাপ নিরসনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মহানগরীর বিভিন্ন পয়েন্টে নমুনা সংগ্রহের বুথ স্থাপন অতীব জরুরি হয়ে পড়েছে।

এ প্রেক্ষাপটে বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকরা চট্টগ্রাম মহানগরে কভিড-১৯ টেস্ট করার ক্ষেত্রে সহযোগিতা প্রদানের লক্ষ্যে অত্র চেম্বারের পক্ষ থেকে অনুমোদন সাপেক্ষে কয়েকটি স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তের ক্ষেত্রে এ উদ্যোগ সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে চেম্বার সভাপতি মনে করেন। এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকারি ব্যবস্থাপনা, বিধিবিধান, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কিট ও আনুষঙ্গিক অন্যান্য উপকরণ সংগ্রহে সার্বিক সহযোগিতা ও যথাযথ নির্দেশনা একান্ত প্রয়োজন বলে মাহবুবুল আলম উল্লেখ করেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন