মুন্সীগঞ্জে ডিসিসহ করোনায় আক্রান্ত ৪০০

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ও স্থানীয় সরকারের উপ পরিচালক এস এম শফিকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৭ মে) বিকালে জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলা প্রশাসনের সর্বমোট তিনজন কর্মকর্তার করোনা শনাক্ত হলো।

সিভিল সার্জন জানান, গত ১৪ মে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনে ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) পাঠানো হয়। রোববার বিকালে আসা রিপোর্টে জেলা প্রশসাকের করোনা পজিটিভ আসে। জেলা প্রশাসক ছাড়াও রিপোর্টে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এসএম শফিকেরও করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, রোববার নিপসম থেকে মোট ২৩৪টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৩৭ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০০ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, গজারিয়ায় ছয়জন, সিরাজদিখানে পাঁচজন, টঙ্গীবাড়ী পাঁচজন, লৌহজং তিনজন ও শ্রীনগরের তিনজন রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার শরীরে এখনো কোনো উপসর্গ দেখা দেয়নি।

এর আগে গত ১৪ মে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খান মো. নাজমুস শোয়েবের (৪০) কারোনা শনাক্ত হয়। এরপরই তার সংস্পর্শে আসা জেলা প্রশাসনের ২৭ কর্মকর্তার নমুনা পরীক্ষার জন্য নিপসমে পাঠানো হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন