এবার করোনা পরীক্ষায় চীনা কিট ব্যবহারে ভারতে নিষেধাজ্ঞা দেয়ায় উদ্বিগ্ন প্রকাশ করেছে চীন। তবে চীনা কিটে কোন ধরণের সমস্যা নেই বলে জানিয়েছে চীনা দূতাবাসের মুখপাত্র জি রং।
তবে ভারত ছাড়াও আরও অনেক দেশেই এই করোনা টেস্ট কিট রফতানি করা হয়েছে বলে জানিয়েছে চীন।
এ বিষয়ে চীনা দূতাবাসের তরফে মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ‘চীন থেকে রফতানি করা মেডিক্যাল প্রোডাক্টের গুণগত মানের ওপর সবচেয়ে বেশি নজর দেওয়া হয়। চীনা দ্রব্যকে এ ভাবে খারাপ মানের জন্য চিহ্নিত করা বেঠিক এবং দায়িত্বজ্ঞানহীন। কোনও পূর্ব-নির্ধারিত ধারণা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চীনের গুয়াংঝু ওন্ডফো বায়োটেক এবং ঝুহাই নিভজন ডায়াগনস্টিকস থেকে করোনা টেস্ট কিট আমদানি করে ভারত। কিন্তু টেস্ট কিটগুলির গুণগত মান নিয়ে প্রশ্ন তোলে পশ্চিমবঙ্গ-সহ অনেক রাজ্য। এই কিটগুলির ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ।












