একঝাঁক নৃত্যশিল্পীর ব্যতিক্রমী নাচ করোনা নিয়ে

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে তারকাদের নিয়মিত জীবনেও এসেছে পরিবর্তন। সব ধরনের শুটিং বন্ধ থাকায় কেউ করছেন শরীরচর্চা আবার লিখছেন কবিতা। সেসব ভিডিও করে ভক্তদের সঙ্গে শেয়ারও করছেন তারা। সেই ধারাবাহিকতায় এবার দেশবরেণ্য ১৯ জন শোবিজ তারকা নাচলেন ‘আমরা করব জয়’ গানের তালে। প্রত্যেকেই নিজের বাসা থেকে এই গানের বিশেষ বিশেষ অংশে নেচে ভিডিও ধারণ করেছেন।

এই উদ্যোক্ত নিয়েছেন নৃত্য কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার। এতে অংশ নিয়েছেন বরেণ্য শিল্পী লায়লা হাসান, তারিন, ঈশিতা, মোনালিসা, নাদিয়া, সোহানা সাবা, ভাবনা, শানু, তুষ্টি, আঁচল, নিশা, হিমি, সিনথিয়া, লাবণ্য, তোরসা, পারসা ইভানা মিম চৌধুরী, বারিষ, ইভান শাহরিয়ারসহ মোট ১৯ জন নৃত্যশিল্পী।

এই আয়োজনের উদ্যোক্তা ইভান বলেন, পুরো পৃথিবী এখন থমকে আছে। এই থমকে থাকা পৃথিবীতে বিশ্বের সব শিল্পী বিভিন্নভাবে সাধারণ মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করতে চাইছেন।

গৃহবন্দি মানুষের সাহস, অনুপ্রেরণা ও সচেতনতা তৈরি করতে শিল্পীদের কেউ গাইছেন গান। কেউবা ঘরে বসে ভিন্ন রকম চিত্রনাট্যে নাটক উপহার দিচ্ছেন। নৃত্যশিল্পীরাও থেমে নেই। সেই ধারাবাহিকতায় ‘আমরা করব জয়’ গানটিকে বেছে নিয়ে নাচের একটি নতুন কম্পোজিশন তৈরি করার চেষ্টা করেছি। সবাই যার যার বাসা থেকে ভিডিও করে পাঠিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে এই নাচে অংশ নিয়েছেন অভিনেত্রী মোনালিসা। সেখান থেকেই নেচে ভিডিও করে পাঠিয়েছেন তিনি। মোনালিসা বলেন, ‘সোহাগের অনুরোধে আমি এই নাচে অংশ নিয়েছি। এটাকে শুধু একটি নৃত্য হিসেবে দেখার কিছু নেই, এটি ঘরে থাকা সবাইকে সাহস কিংবা অনুপ্রেরণা জোগানোর বার্তা। আমি নিজেই ভিডিও করে পাঠিয়েছি।’

এ বিষয় লায়লা হাসান বলেন, যেকোনো সংকটে সংস্কৃতিকর্মীরা কখনোই বসে থাকেন না। দুর্যোগে তারা তাদের মতো করে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এখন যেহেতু সবাই ঘরবন্দি, লম্বা সময় ধরে ঘরে থাকা মানুষগুলো একঘেঁয়েমিতে ভুগতে পারেন। তাদের কথা চিন্তা করে গান, অভিনয়, নাচের অঙ্গনের শিল্পীরা যার যার অবস্থান থেকে নানা কিছু করে যাচ্ছেন। সাহস ও অনুপ্রেরণা দেয়ার চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতায় এই নাচ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন