নারায়ণগঞ্জে করোনায় প্রাণ গেল আরও দুই নারীর

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও বন্দরে পৃথকভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে ও গেল ১৭ এপ্রিল গভীর রাতে একজনের মৃত্যু ঘটে।

জানা গেছে, বন্দর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মমতাজ সালাম বেবী (৬০) নামে আরও এক নারী মারা গেছেন। গতকাল রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জের সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মমতাজ সালাম ওরফে বেবী বন্দর উপজেলার র‌্যালি আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে বন্দরে তিন নারীসহ পাঁচজন মারা গেলেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্বামী এসএম আব্দুস সালাম জানান, গেল চার এপ্রিল থেকে মমতাজের জ্বর ছিল। ওষুধ খাওয়ানোর পর ভালো থাকত, না খাওয়ালে আবার আসতো। ১১ এপ্রিল থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে আমরা সিদ্ধিরগঞ্জ সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ এপ্রিল আমরা জানতে পারি তিনি করোনা আক্রান্ত।

নারায়ণগঞ্জের ফতুল্লায় তাহমিনা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। শনিবার ১৮ এপ্রিল রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল রোববার দুপুরে দাফন শেষে তাহমিনার ছোট ভাই নবী হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।

নবী হোসেন জানান, তার বোন তাহমিনার হার্টের সমস্যা ছিল। সে সবসময় বাসায় থাকতেন। কয়েকদিন ধরে ঠান্ডা সর্দি থাকায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখান থেকে তাকে কুর্মিটোলা হাসপাতালে পাঠায়। এরপর কুর্মিটোলায় তিন দিন চিকিৎসাধীন অবস্থায় তাহমিনা মারা যায়। তার মরদেহ হাসপাতালের পক্ষ থেকেই দাফন করা হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন