যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১৮৪৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩৩ হাজার

প্রাণঘাতী করোনায় এখন সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে দেশটি। আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই কোনো দেশ।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১ হাজার ৮৪৯ জন।

একদিনে আরও ৩৩ হাজার ৪শ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৭ লাখ ৩৪ হাজার ৯৬৯। অপরদিকে মারা গেছে কমপক্ষে ৩৮ হাজার ৯০৩ জন।

তবে ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৮ হাজার ৯১৩। অপরদিকে মারা গেছে ৩৯ হাজার ১৫ জন।

এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৬৮ হাজার ২৮৫। তবে ১৩ হাজার ৫৫১ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তারা চিকিৎসা নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় অনেক বেশি। এমনকি যুক্তরাষ্ট্রে যত মানুষ মারা গেছে তার মধ্যে অধিকাংশই নিউইয়র্কের।

এদিকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকলেও দেশটিতে চলা লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। লকডাউন শিথিল করার কথাও ভাবছে ট্রাম্প প্রশাসন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন