করোনা মহামারির থাবা এখন সারা বিশ্বে। বাংলাদেশেও দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আর এই সময়ে এই ভয়াবহতা থেকে মুক্তি পেতে প্রকৃতি ও স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করে একটি দ্বৈত গান করলেন সমরজিৎ রায় ও প্রিয়াঙ্কা গোপ। গানের শিরোনাম ‘ক্ষমা করো প্রকৃতি’। ক্ষমা প্রার্থনা ছাড়াও গানটিতে তুলে ধরা হয়েছে সতর্কতামূলক বার্তাও।
গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ নিজেই। সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।
শিগগিরই ভিডিওটি প্রকাশ করা হবে। সমরজিৎ বলেন, করোনা আতঙ্কের কারণে দু’জনেই বাসায় থেকে ফোনে কন্ঠ দিয়েছি। অবশ্য প্রথমে এ বিষয়টা নিয়ে খানিকটা সংশয়ে ছিলাম। ভয়েস দেওয়ার পর মনে হলো ঠিকঠাক হয়েছে।
প্রকৃতির সঙ্গে আমরা যে অন্যায় করেছি, সে জবাবটা প্রকৃতি এখন আমাদের দিচ্ছে। তাই পৃথিবী, প্রকৃতি ও বিধাতার কাছে অন্যায়ের ক্ষমা চেয়ে আমাদের গান ‘ক্ষমা করো প্রকৃতি’।
প্রিয়াঙ্কা গোপ বলেন, এই সময়ে এমন একটি গান করতে পেরে ভালো লাগছে। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। সমরজিৎ ও প্রিয়াঙ্কা ‘ক্ষমা করো প্রকৃতি’ গানের মাধ্যমে দ্বিতীয়বার দ্বৈত গান করলেন। এর আগেও তারা একসঙ্গে একটি গান করেছিলেন।











