আসাদুজ্জামান নূরের করোনা নিয়ে দুই কবিতা

করোনাভাইরাসের দাপটে ঘরেবন্দি হয়েছে মানুষ। অন্যদিকে প্রকৃতি সেজেছে নতুন সাজে। নতুন করে প্রাণ পেয়েছে সবুজ গাছপালা, পশুপাখি। করোনা আক্রান্ত পৃথিবীর দারুণ এক বর্ণনা ফুটে উঠেছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও আবৃত্তিকার আসাদুজ্জামান নূরের কণ্ঠে।

করোনা নিয়ে দুটি কবিতা আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর। এর মধ্যে একটি কবিতা হলো, ‘তিনি তো তোমাদের একার ঈশ্বর নন/ তিনি হয়তো ডলফিনের আবেদন মঞ্জুর করেছেন।’ ‘ঈশ্বর হোক সবার’ শিরোনামের কবিতাটি লিখেছেন মিনার বসুনীয়া। কবিতাটি নিয়ে ভিডিও নির্মাণ করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল।

অন্যদিকে ‘তোমার পৃথিবী চিনতে পার না’ শিরোনামে কবিতাটি লিখেছেন কবি কামাল চৌধুরী। এতেও করোনা আক্রান্ত পৃথিবীর চিত্র তুলে ধরেছেন তিনি।

দরদভরা কণ্ঠে এ কবিতা আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই আবৃত্তির ভিডিওচিত্র। এতে দেখা যায়, করোনার আঘাতে জনশূন্য পৃথিবীর বড় বড় সব শহর নিস্তব্ধ হয়ে পড়ে আছে। কবি তার পঙ্‌ক্তিমালায় বলেছেন, একটি ভাইরাস কীভাবে মানুষের ক্ষমতার দম্ভকে নিঃস্ব করে দিয়েছে। কবিতার শেষাংশে রয়েছে আশার বাণী।

কেবল আবৃত্তি নয়, ধ্বনিচিত্রের এ ভিডিওটির শেষে কবিতার কয়েকটি চরণ গেয়েছেন শিল্পী নকীব খান। এ অংশটুকুর সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি। সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন