ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রাম গ্রামে প্রথম একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী ( ২৮) শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে ওই গ্রামের আক্রান্ত রোগীর আশেপাশে চার বাড়িতে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
ফেনীর সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. সাজ্জাদ হোসেন চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডির বরাত দিয়ে এক যুবক করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৪ এপ্রিল ওই যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফলে পজেটিভ উল্লেখ করা হয়।
তিনি জানান, স্থানীয়দের ভাষ্য মতে ওই যুবক ঢাকার মিরপুরে একটি মোবাইল কোম্পানিতে চাকরি করতেন। গত ২৫ মার্চ বাড়িতে আসেন তিনি। একই বাড়ির আরও দুই যুবক নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসেন। জ¦র সর্দি কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়।
ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরি জানান, ওই যুবক করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আপাতত গ্রামের চার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। তবে গোটা গ্রাম লকডাউন করা হতে পারে এবং লকডাইন যেন মেনে চলে সে ব্যপারে কঠোর ভূমিকা নেওয়া হবে।
ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, রোগী আপাতত নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকরা সব দেখে শুনে পরবর্তী ব্যবস্থা ও করনীয় ঠিক করবেন।












