সংগীতচর্চা থেমে নেই, আসিফ

বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম করোনা। চীন থেকে শুরু হওয়া এই প্রাণণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। মৃতের সংখ্যা লাখের ঘর ছাড়িয়েছে। এই মহামারির প্রাদুর্ভাবে বাংলাদেশে চলছে অঘোষিত লকডাউন। বিনোদন অঙ্গনেও চলছে স্থবিরতা। নাটক-সিনেমাসহ সব রকম শুটিং, ছবি মুক্তি, কনসার্ট বন্ধ রয়েছে। সাধারণ মানুষের মতো শোবিজের তারকাদেরও ঘরবন্দিতে দিন কাটছে।

তবে থেমে নেই গান। সংগীতশিল্পী ঘরে বসেই গানের কাজ করছেন। নিয়মিত সংগীতচর্চার পাশাপাশি নতুন গানে সুর তুলছেন। অনেকেই লাইভ কনসার্ট করছেন ঘরে বসে। অনেক শিল্পীর অংশগ্রহণে নতুন গানও তৈরি হচ্ছে। সচেতনতামূলক গানের পাশাপাশি তৈরি হচ্ছে ভিন্ন ঘরানার গান।

করোনায় মানুষকে সচেতন করতে ‘এসো সবাই’ শিরোনামের একটি গান নির্মিত হয়েছে। গীতিকবি আসিফ ইকবালের উদ্যোগে এতে অংশ নিয়েছেন ১০০ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন। তাদের মধ্যে রয়েছেন বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, পড়শি, রিদি শেখ, কনা, আরিফিন শুভ, কবির বকুল প্রমুখ।

আসিফ ইকবালের কথায় এই গানের সুর, সংগীতায়োজন এবং ভিডিও পরিচালনা করেছেন অদিত রহমান। কণ্ঠশিল্পী মমতাজ গেয়েছেন ‘মনটা ভইরা যায়’, কণ্ঠশিল্পী কনাকে নিয়ে কুদ্দুস বয়াতি গেয়েছেন ‘জাইনা চলেন, মাইনা চলেন’, আসিফ আকবরের ‘আসবে বিজয়’, কিশোর দাশ, মুহিন খান, হাসনাত তাসনিম সংগীতা ও নওশীন তাবাসসুম স্মরণ একসঙ্গে গেয়েছেন ‘করোনাকে ভয় করো না’।

এ ছাড়া গালিস্নবয় রানাকে নিয়ে তবীব নতুন একটি গান প্রকাশ করেছেন। গ্রে বাংলাদেশের আয়োজনে চিরকুট ব্যান্ডের সুমির সুরে ‘চলো একসাথে দূরে থাকি’ কথার গানটি গেয়েছেন সাদি মোহাম্মদ, তাহসান খান, এলিটা করিম, মিলন মাহমুদ, জাহিদ হাসান নীরব, সন্ধি ও সুমি। সংগীতশিল্পী হৃদয় খান প্রায় নিয়মিত হোম কনসার্ট করছেন। এই প্রজন্মের শিল্পী ফাতিমা তুজ জাহরা ঐশী ঘরে বসে খালি গলায় গেয়ে শুনিয়েছেন নজরুলসংগীত ‘হে নামাজি আমার ঘরে নামাজ পড় আজ, দিলাম তোমার চরণতলে হৃদয় জায়নামাজ’। মাইকেল জ্যাকসনের ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ গেয়েছেন চিত্রা সুলতানা, সুমন, শওকত আলী ইমন, আলিফ আলাউদ্দিন, কাজী ফয়সাল আহমেদ, পুষ্পিতা, নওরীন, ফারশিদ, ইয়ানি, উর্বানা ও লুবাইনা।

দুর্যোগে আক্রান্ত মানুষের মনে স্বস্তি ছড়িয়ে শেষ হয়েছে গানবাংলা টেলিভিশনের ‘মিউজিক ফর পিস-এফবি লাইভ’। ২৬ মার্চ থেকে শুরু হয়ে টানা ১৬ দিন দেশ-বিদেশের ১৩০ জন তারকার অংশগ্রহণে বর্ণাঢ্য এই আয়োজনটি শেষ হয়েছে ১০ এপ্রিল। প্রতিদিন রাত ৯টা থেকে দুই ঘণ্টার এই আয়োজনে জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে গান শোনা ছাড়াও প্রিয় তারকার মুখে শ্রোতারা জানতে পেরেছেন সচেতনতার নানা বার্তা।

শেষ দিন অংশগ্রহণ করেন ভারতের সংগীত পরিচালক ইন্দ্রদ্বীপ দাস গুপ্ত, শিল্পী নন্দিনী দেব, পাকিস্তানি শিল্পী মিকাল হাসান, ফারহিন রাজাসহ দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, হাবিব ওয়াহিদ, মেহরিন, বালাম, হৃদয় খান, ইমরান, অদিত, আরেফিন রুমি, তন্ময় তানসেন, মিজান, জন কবির, পিন্টু ঘোষ, মিলা, কনা, তাশফি, জেফার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন কৌশিক হোসেন তাপস। কণ্ঠশিল্পী আগুন সম্প্রতি কাবা শরিফের ‘কালো পাথর’ নিয়ে একটি গান করেছেন। ‘তুই যে আমার কালো পাথর’ গানটির কথা ও সুর করেছেন আগুন নিজেই। সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। রেকর্ডিং শেষে গানটির মিউজিক ভিডিও করা হয়েছে।

করোনার এই পরিস্থিতিতে ইনডোরে দৃশ্যায়ন হয়েছে। দুই-একদিনের মধ্যে গানটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান আগুন। দেশ-বিদেশের খ্যাতিমান শিল্পী, মিউজিশিয়ান ও ব্যান্ড নিয়ে বিভিন্ন সময় আয়োজিত কনসার্টগুলো নিজস্ব ফেসবুক পেজে তুলে ধরছে বস্নুজ কমিউনিকেশন। এরই মধ্যে সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল তুলে ধরা হয়েছে বস্নুজ কমিউনিকেশনের ফেসবুক পেজে। এরই ধারাবাহিকতায় শনিবার জেমস ও তার ব্যান্ড নগর বাউলের কনসার্ট উপভোগ করেছেন দর্শক। সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সচেতনতামূলক গান ‘হার মানবো না’। গানটির ভিডিওটিতে অংশ নিয়েছেন মোট ১৪ জন শিল্পী। কথা লিখেছেন সোমেশ্বর অলি। বেলাল খানের সুরে সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। এই গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, বেলাল খান, ঐশী ও মার্সেল। গানটিতে ব্যবহৃত কবিতা আবৃত্তি করেছেন লুৎফর হাসান। কণ্ঠশিল্পীদের পাশাপাশি ভিডিওতে অংশ নিয়েছেন নাটক ও চলচ্চিত্রের ৯ জন শিল্পী। আগামীকাল পহেলা বৈশাখে আসছে ব্যান্ড শিরোনামহীনের ‘ক্যাফেটেরিয়া পেরিয়ে’। এর গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন আশরাফ শিশির। বুয়েট ক্যাম্পাস ও দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে ভিডিওটির শুটিং হয়। নির্মাতা আশরাফ শিশির বলেন, ‘বৈশ্বিক মহামারির এই সময় অঘোষিত লকডাউনের আগেই আমরা শুটিং এবং হোম কোয়ারেন্টিনে থেকে অনলাইনে নিয়মিত আলোচনার মাধ্যমে গানটির পোস্ট প্রোডাকশন শেষ করেছি।

এই কঠিন সময় গানটি শ্রোতা-দর্শকদের জীবনের স্বর্ণালি সময়ের স্মৃতি মনে করিয়ে দেবে। এবারের নববর্ষে এটাই হোক সবার জন্য বিশেষ উপহার।’ গানটির কথা ও সুর করেছেন জিয়াউর রহমান জিয়া এবং অতিথি হিসেবে গিটার সলো বাজিয়েছেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট শিশির আহমেদ। সাউন্ড মিক্স করেছেন নয়েজমাইনের শফিক এবং মাস্টার করেছেন রোমানো ইরাফিচ্চি ( পোল্যান্ড)। এতে মডেল হয়েছেন কাজী রাজু এবং বুয়েটের একদল শিক্ষার্থী। গানচিত্রটি ১৪ এপ্রিল উন্মুক্ত হবে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন