আগুনের ‘কালো পাথর’ প্রকাশ পাচ্ছে

জনপ্রিয় সংগীতশিল্পী আগুন পবিত্র মক্কা শরীফের কালো পাথর নিয়ে একটি গান গেয়েছেন। তবে কেন এই গান গেয়েছেন এর ব্যাখ্যা তিনি আপাতত দিতে চাচ্ছেন না। গানের নাম ‘কালো পাথর’। লিখেছেন ও সুর করেছেন আগুন নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।

এরইমধ্যে রেকর্ডিং শেষে এটির মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ হয়েছে বলে জানান আগুন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দূরে। ‘কালো পাথর’ প্রসঙ্গে আগুন বলেন, হঠাৎই মনের অজান্তে মুসলিম বিশ্বের পবিত্র স্থান মক্কা শরীফের কালো পাথরটি নিয়ে একটি গান লিখতে ইচ্ছে হলো আমার।

গানের কথা নিয়ে এখনই কিছু বলতে চাই না, কিংবা গানটি কেন লিখলাম সেই বিষয়েও এখন বলতে চাই না। তবে আমরা আমাদের জীবনে এতো এতো পাপ করেছি যে, এই পাপের আসলে ক্ষমা নেই। প্রকৃতিও এখন আমাদের বিরুদ্ধাচরণ করছে। প্রকৃতিও আমাদেরকে আর নিতে পারছে না। যে কারণে সারা বিশ্ব এখন করোনা ভাইরাসে বিপর্যস্ত। মানুষ এখন ঘরবন্দি। জানি না আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদের কবে মুক্তি দিবেন।

আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি যেন আমাদের ক্ষমা করে দেন। আর আমার ভক্ত শ্রোতাদের প্রতি অনুরোধ রইলো ‘কালো পাথর’ গানটি প্রকাশের পর সবাই যেন শোনেন। তাহলে সবাই নিজেদের শোধরাতে উদ্বুদ্ধ হবেন। এটি একটি জীবনবোধের গান।

এই গান মানুষের মধ্যে পরিবর্তন আনবে নিশ্চয়ই, এটা আমি বিশ্বাস করি। দু’তিনদিনের মধ্যেই গানটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান আগুন।

এর আগে সর্বশেষ এ শিল্পীর গাওয়া ‘আধুনিক যাযাবর’ শীর্ষক একটি গান প্রকাশ হয়। গানটি লিখেছিলেন আলী জুলফিকার জাহেদী। সুর করেছিলেন এসএ কিরণ, সংগীতায়োজন করেছিলেন মিছিল (আগুনের ছেলে)। প্রসঙ্গত, গানের ভুবনে একজন শিল্পী হিসেবে আগুন তুমুল জনপ্রিয়তা পান সোহানুর রহমান সোহান পরিচালিত সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় গান গেয়ে। তবে তিনি প্রথম প্লে-ব্যাক করেন কোহিনূর আক্তার সূচন্দা পরিচালিত ‘প্রেম প্রীতি’ সিনেমায়। গানটি লিখেছিলেন রায়হান মুজিব এবং সুর ও সংগীত করেছিলেন আলম খান ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন