যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রথমবারের মতো করোনাভাইরাসের রোগী ধরা পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাজরামাউত প্রদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পর এটিকে ইয়েমেনের ওপর ‘ধ্বংসাত্মক আঘাত’ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। তারা বলছেন এটি ইয়েমেনে বড় ধরণের বিপর্যয় ডেকে আনতে পারে।ইয়েমেনের করোনা মোকাবেলায় সুপ্রিম ন্যাশনাল ইমার্জেন্সি কমিটি শুক্রবার জানিয়েছে, তেলসমৃদ্ধ হাজরামাউত প্রদেশে এই করোনা সংক্রমণের বিষয়টি সনাক্ত করা হয়েছে। করানো আক্রান্ত রোগীকে বন্দরনগরী আশ-শিহর থেকে শনাক্ত করা হয়।
ওই অঞ্চলটি সৌদি প্রভাবিত গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, কয়েক বছরের গৃহযুদ্ধে ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থা আগে থেকেই বিপর্যস্ত হয়ে আছে। ইয়েমেন বিশ্বে সবচেয়ে মানবিক সংকটে ভুগছে এবং লাখ লাখ মানুষ এখনও সহায়তার উপর নির্ভরশীল।
দেশটিতে কলেরা, ডেঙ্গু এবং ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়লেও পুরো দেশের মাত্র অর্ধেক হাসপাতাল চালু রয়েছে।












