করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম গিয়াসউদ্দিন। জামতলা ব্রাদার্স রোড এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
রোববার বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গিয়াস। এ নিয়ে ফতুল্লায় তিনজনের মৃত্যু হলো করোনায়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা আলী, স্থানীয় ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার ও ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই বাড়িটি অঘোষিত লকডাউন করে দিয়েছেন। এর আগে ফতুল্লার কাশিপুর ইউনিয়নে আবু সাইদ নামে এক হোসিয়ারি ব্যবসায়ী এবং বন্দরের রসুলবাগ এলাকায় এক নারী করোনা ভাইরাসে মারা গেছেন। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, জামতলার গিয়াসউদ্দিন নামে একজন কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন। তার শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা আলী জানান, গিয়াসউদ্দিন ৪ এপ্রিল অসুস্থবোধ করেন। তাকে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে তাকে পাঠানো হয় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলে ৫ এপ্রিল বিকালে তিনি মারা যান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, পুলিশ ও সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে আমি ছিলাম।
আপাতত ব্রাদার্স রোডের ৫ তলা ভবনের ৮টি পরিবারসহ পুরো বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।












