ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় করোনার উপসর্গ সর্দি জ্বর ও কাশিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম এনামুল হক সুজা (৫৯)।
শনিবার ভোরে শহরের পুরান পশুহাট নিজ বাড়িতে তিনি মারা যান। সুজার মৃত্যুর পর ওই এলাকার মানুষের মধ্যে করোনা আতংক ছড়িয়ে পড়েছে।
এদিকে সুজার মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, চিকিৎসক ও পুলিশ ওই বাড়িতে গিয়েছিল।
এছাড়া আজ ভোরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. আ. রশীদের নের্তৃত্বে একটি মেডিকেল দল তার বাড়িতে গিয়ে মৃতদেহের নমুনা সংগ্রহ করেছে।
ডা. আ. রশীদ বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে এনামুল হক সুজার বাড়িতে গিয়ে কাশি ও বমির চিকিৎসা দিই। কয়েক দিন আগে ফরিদপুরে থাকার পর বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা চিকিৎসকের কাছে রোগের কথা চেপে রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, প্রশাসনের উপস্থিতিতে পৌর কবরস্থানে সুজার মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে।












