আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ঢাকার কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২০ অক্টোবর তারিখ রেখেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন শুনানির দিন ধার্য করেন। কাজলকে এ মামলায় জামিনও দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল। এর আগে হাইকোর্ট থেকে অভিযোগপত্র দেওয়া পর্যন্ত সময়ের জন্য জামিন পেয়েছিলেন কাজল। একই ঘটনায় কাজলের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের কথা মামলাতেও ২০ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির তারিখ রয়েছে।
যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়াকে কটি প্রতিবেদন প্রকাশিত হলে গত বছরের ৯ মার্চ মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ওই মামলা করেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। একই ঘটনায় পরদিন হাজারীবাগ থানায় মামলা করেন ওসমান আরা বেলী। আর ১১ মার্চ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য সুমাইয়া চৌধুরী বন্যা কামরাঙ্গীরচর থানার মামলাটি দায়ের করেন। গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ রাসেল মোল্লা গত ১৪ মার্চ কামরাঙ্গীরচর থানার মামলায় কাজলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলা হওয়ার পরদিন ১০ মার্চ বকশিবাজারের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন কাজল। পরে পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলা করা হয়। বিষয়টি নিয়ে বেশ তোলপাড় তৈরি হয়। নিখোঁজের প্রায় দুই মাস পর গত বছরের ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে কাজলকে গ্রেপ্তার করার কথা জানায় বিজিবি। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। যশোর থেকে ঢাকায় আনার পর গতবছরের জুন মাসে কাজলকে ঢাকায় এনে ডিজিটাল নিরাপত্তা আইনের তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে নভেম্বর মাসে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। জেল থেকে ছাড়া পান ২৫ ডিসেম্বর।












