নরসিংদীতে আবারও কিশোরীকে ধর্ষণ ১০ দিনে ৫টি ধর্ষণ

নরসিংদীতে আবারও এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সদর উপজেলার শীলমান্দিতে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই ঘটনায় গত সোমবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ তিনজনকে আসামী করে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেছেন। ওই কিশোরী স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করেন।

এর আগে ১৭ অক্টোবর গত ১৭ অক্টোবর রাত পৌণে ১০টার দিকে রাতের শিফটে কাজ করতে টেক্সটাইল মিলে যাওয়ার জন্য রওনা হন ওই কিশোরী। কিছুদূর যাবার পরই ধর্ষণকারীরা তাকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে। পরে রোববার রাতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সোমবার সকালে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাহায্য চান। পরে সোমবার দুপুরে অভিযুক্ত দুই ধর্ষককে আটকের পর রাতে নরসিংদী মডেল থানায় মামলা করেন ওই কিশোরীর বাবা।

এই ঘটনায় গ্রেফতারকৃতরা হলো নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার আব্দুল মান্নান ভূইয়ার ছেলে উসমান ভূইয়া (৩২) ও মো: আমীর হোসেনের ছেলে মো. জামান মিয়া (৩০)। সোমবার দুপুরে পিবিআই এর পরিদর্শক (প্রশাসন) মো: মনিরুজ্জামান শীলমান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক (প্রশাসন) মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের ওই ঘটনাটি গত শনিবারের হলেও আমরা খবর পেয়েছি সোমবার সকালে। সোমবার দুপুরেই অভিযুক্ত জামান মিয়া ও উসমান ভূইয়াকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ নিয়ে গত ১০ দিনে নরসিংদী জেলায় মোট ৫টি ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এসব অভিযোগগুলোর মধ্যে রয়েছে, গত ১৫ অক্টোবর সন্ধ্যায় শহরের চৌয়ালায় একটি স্পিনিং মিলে কাজ করা এক কিশোরী শ্রমিককে চারজন মিলে গণধর্ষণ, গত ১৪ অক্টোবর মাধবদীতে তিরিশ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, গত ৯ অক্টোবর পলাশে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা এবং গত ৭ অক্টোবর রাতে শহরের নাগরিয়াকান্দিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে তিনজন মিলে ধর্ষণ ও তা ভিডিও ধারণ করে। এসব মামলায় আসামী করা হয়েছে মোট ১২ জনকে এবং পুলিশের হাতে গ্রেফতার  হয়েছেন ৬ জন।

বার্তা প্রেরক
মো: নুরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন