মেহেরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দ্বায়ে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনালকে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক এর অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল ধারাবাহিকভাবে প্রমোশনাল বিজ্ঞাপন সম্বলিত লিফলেট, স্টিকার, ডিসপ্লে বোর্ড, ব্যানার দোকানে দোকানে সরবরাহ ও প্রচারে ব্যবহার করে আসছে। আইন ভঙ্গের এমন অভিযোগের ভিত্তিতে মেহেরপুর ডিপোতে অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় ডিপোর দায়িত্ব প্রাপ্তকে আইন ভঙ্গের অভিযোগে ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫ (১) (ক) ধারার অপরাধে দোষ স্বীকারোক্তি সাপেক্ষে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও উল্লেখযোগ্য সংখ্যক প্রমোশনাল বিজ্ঞাপন সম্বলিত মালামাল জব্দ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেটর তাজিমুল হক, এইড ফাউন্ডেশনের প্রগ্রাম অফিসার তৌহিদ উদ দৌলা, আশ্রয়ের পরিচালক এমএ হাসান সুমনসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহরপুর প্রতিনিধি












