মেহেরপুর জেলার গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলামকে (৫০) আটক করেছে গােয়েন্দা (ডিবি) পুলিশ। অাটককৃত রবিউল গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের (কড়ুইগাছি) বড় বামন্দী গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। তিনি বর্তমান গাংনী থানা পাড়ায় বসবাস করে আসছিলেন।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা রবিউল ইসলামকে গাংনী থানা এলাকা থেকে আটক করে। মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে জেলা ডিবি পুলিশের ওসি মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে তাকে আটক করা হয়।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি মোঃ জুলফিকার আলী জানান, গত ২৩ মার্চ মেহেরপুর সদর থানায় জামায়াত নেতা রবিউল ইসলামের নামে একটি নাশকতার মামলা হয়। মামলা নং-২৭। মামলার পর তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাংনী থানা এলাকা থেকে আটক করা হয়।












