রাজশাহীতে আত্মসমর্পণ করা ৫৭ জন চরমপন্থী সদস্যকে দেওয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক অনুদান। সোমবার রাজশাহী জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার করে চেক দেয়া হয়।
রাজশাহীর ৫৭ জনের মধ্যে জেলার বাগমারা উপজেলার আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য ৩৩ জন। এছাড়া পুঠিয়া উপজেলার ১৬ জন, দুর্গাপুরের ৫ জন এবং মহানগর এলাকার বাসিন্দা ৩ জন। এদের মধ্যে একজন মারা গেছেন। তার স্ত্রীকেও প্রধানমন্ত্রীর এই ৫০ হাজার টাকা অনুদানের চেক দেয়া হয়েছে।
গত বছরের ৯ এপ্রিল পাবনায় আরও ৫৩৯ জনের সঙ্গে রাজশাহীর এই ৫৭ জন আত্মসমর্পণ করেন। এরপর তারা সরকারের তরফ থেকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান পান। এবার করোনাভাইরাস পরিস্থিতির জন্য তাদের আরও ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সন্ত্রাসী জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে আসায় মেয়র লিটন তাদের ধন্যবাদ জানান। বলেন, সরকারের সব দিকে নজর রয়েছে। সরকার আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন।
রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, জন্মের পর সব মানুষ সঠিক পথে থাকবে তার গ্যারান্টি নেই। এতোদিন এই মানুষগুলো অন্ধকার জগতের মানুষ হিসেবে বিবেচিত হতেন। এখন আর কেউ আমাদের জাতীয় আদর্শের বাইরে নন। এখন আর আত্মসমর্পণকারীদের পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। সবাই নিজ নিজ জায়গা থেকে উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করবেন।
বক্তব্য দেন- পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক জহির উদ্দিন ও জেলা প্রশাসক মো. হামিদুল হক। স্বাগত বক্তব্য দেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ।
অনুষ্ঠানে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের দায়িত্ব পালন করা প্রচার সম্পাদক আবদুর রাজ্জাক বাবু ওরফে আর্ট বাবু বলেন, সরকারের আহ্বানে আমরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছি। সরকারের কাছে যা চেয়েছি, তার চেয়েও বেশি পেয়েছি। তাই আমাদের কারও আর অন্ধকারে জীবনে ফিরে যাবার প্রয়োজন নেই।
বার্তা প্রেরক
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি












