রাজশাহীতে টানা চারদিন করোনা শনাক্ত হয়নি

রাজশাহীতে টানা চারদিন নতুন করে কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। সর্বশেষ গত সোমবার (২০ এপ্রিল) রাজশাহীর ৮০ বছরের এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও করোনা শনাক্ত হয়নি।

রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান শুক্রবার রাতে জানান, তাদের ল্যাবে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব। শুক্রবারও ৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। তবে কারও করোনা শনাক্ত হয়নি।

গত সোমবারের পর রাজশাহী জেলার কোনো ব্যক্তির করোনা শনাক্ত হয়নি। সর্বশেষ বাঘা উপজেলার এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়। ল্যাবে এখন রাজশাহী বিভাগের ছয়টি জেলার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর গত সোমবার পর্যন্ত মোট আট জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীর পুঠিয়া, বাগমারা, মোহনপুর ও বাঘা উপজেলায় তাদের বাড়ি।

এদের মধ্যে সাতজনই ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এসেছেন। তারা নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। রাজশাহী মহানগরীতে এখনও করোনা আক্রান্ত কোনো রোগী শনাক্ত হননি।

বাঘা উপজেলার করোনা আক্রান্ত ওই বৃদ্ধের করোনায় সংক্রমিত হওয়ার উৎস এখনও পাওয়া যায়নি। তিনি রামেক হাসপাতালে চারদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার সকালেই তাকে রাজশাহীর সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালের করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে রাতে তার করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে।

এর আগে ওই রোগী রামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে সেখানকার চিকিৎসক-নার্স ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে মঙ্গলবার (২১ এপ্রিল) হাসপাতালের ২১ চিকিৎসক ও ১২ নার্সসহ ৪২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

তারা ওই রোগীর মাধ্যমে করোনায় সংক্রমিত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে বুধবার এবং বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ১৪ এপ্রিল থেকে রাজশাহী জেলা লকডাউন। তারপরেও নানা কৌশলে মানুষ রাজশাহী আসছেন। এর মধ্যে করোনা আক্রান্ত ঢাকা ও নারায়ণগঞ্জ থেকেই মানুষ বেশি আসছেন।

সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে রাজশাহী এসেছেন ৩২ জন। এর মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকেই এসেছেন ২৮ জন। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন