চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাজশাহীর পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত ওই ব্যক্তি গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। তিনি নারায়ণগঞ্জ জর্জ কোটের এমএলএসএস পদে চাকরিরত। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুরের সাইদুর রহমানের ছেলে তিনি। ১৬ এপ্রিল করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
তিনি আরও জানান, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য ওই ব্যক্তির বাড়িতে নিয়মিত পুলিশের তদারকি ছিল। তাই তার দ্বারা অন্য কেউ সংক্রমিত হওয়ার খুব একটা আশঙ্কা করা হচ্ছে না।
সোমবার সন্ধ্যায় ওই এলাকার ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।












