করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন। এদের মধ্যে ৩ জন গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন।
এদের সবাইকে সংক্রামক ব্যাধি হাসপাতালের (আইডি) করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
রামেক হাসপাতালে নিয়মিত ব্রিফিংয়ে সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ।
ডা. আজাদ বলেন, চিকিৎসাধীন সবার জ্বর ও শ্বাসকষ্ট থাকলেও সবার শারীরিক অবস্থা ভালো রয়েছে। নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে- তারা করোনায় আক্রান্ত কি না। এ ছাড়াও রাজশাহীতে যে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে তারা সবাই ভালো আছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদের অবস্থার আপডেট নেয়া হচ্ছে।
তিনি বলেন, এখন পর্যন্ত রাজশাহীর স্থানীয় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। এটি ভালো দিক। এ পর্যন্ত রাজশাহীতে যে ৫ জন আক্রান্ত হয়েছেন তারা সবাই বাইরে থেকে এসেছেন। এদের মধ্যে তিনজন নারায়ণগঞ্জ, একজন ঢাকা ও একজন গাজীপুর থেকে এসেছেন। ফলে যারা বাইরে থেকে এসেছেন তাদের ঘরে থাকাটা নিশ্চিত করতে হবে।












