রাজশাহীতে আইসোলেশনে যুবকের মৃত্যু

রাজশাহীর সংক্রামক ব্যাধি (আইডি) হাসপাতালে আইসোলেশনে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

স্বজনরা বলছেন, মনির গাজী (১৯) নামের এই যুবক হামে আক্রান্ত ছিলেন। তার বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামে।

মনিরের বাবা আলম গাজী জানান, তার ছেলে কয়েকদিন আগে হামে আক্রান্ত হয়েছিলেন। এরপর তাকে গ্রামের চিকিৎসক এন্টিবায়োটিক ইনজেকশন দেন। কিন্তু এতে মনির আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। শুক্রবার সন্ধ্যায় তাকে রাজশাহী আনা হয়। রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিলে সেখানকার চিকিৎসক তাকে করোনা রোগীদের আইসোলেশন কেন্দ্র আইডি হাসপাতালে পাঠিয়ে দেন।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, মনির গাজি হামে আক্রান্ত হয়েছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে চিকিৎসার খুব বেশি সময় পাওয়া যায়নি বলে বিষয়টি তারা নিশ্চিত নন।

তিনি জানান, মনির করোনায় আক্রান্ত ছিলেন এমনটিও তারা মনে করছেন না। তবে করোনার পরীক্ষার জন্য মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন