রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ সদস্যকে পিটিয়েছেন দায়িত্বরত আনসার সদস্যরা।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল তথ্য কেন্দ্রের পাশের গেটে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।
মারধরের শিকার পুলিশ কনস্টেবলের নাম তোহিদুল ইসলাম। তিনি রাজশাহী মহানগর পুলিশ লাইন্সে পিওএম শাখায় কর্মরত। অসুস্থ থাকার কারণে মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে তোহিদুল ওয়ার্ড থেকে হাসপাতালের বাইরে যান। পরে তিনি আবার হাসপাতালে ঢুকছিলেন। তখন গেটে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে বাধা দেন। তোহিদুল নিজের পরিচয় দিয়ে জানান তিনি হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। তাই প্রবেশ করছেন। কিন্তু আনসার সদস্যরা বিষয়টি আমলে নেননি। এ নিয়ে তোহিদুলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ছয়-সাতজন আনসার সদস্য তাকে মারধর করতে শুরু করেন। সেখান থেকে পালিয়ে কনস্টেবল তোহিদুল ইসলাম হাসপাতাল পুলিশ বক্সে গিয়ে আশ্রয় নেন। এরপর ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের উপ-কমিশনার সাজিদ হোসেন ও অতিরিক্ত উপ-কমিশনার আব্দুর রশিদ। তারা তোহিদুলকে হাসপাতালে রেখে আসেন।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, আনসার সদস্যরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাজ করেন। একারণে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।












