সম্প্রতি অল্প কিছুদিনের ব্যবধানে সংঘটিত ডা. আব্দুর রকিব খান ও প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। এই দুই হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৪ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিআইপি জানায়, ব্যক্তি জীবনে সৎ ও মেধাবী প্রকৌশলী দেলোয়ার হোসেন একজন নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে কর্মস্থলে পরিচিত ছিলেন। এছাড়া খুলনা মহানগরীতে ডা. আব্দুর রকিব খানের পেশাগত সুনাম অনস্বীকার্য। বিআইপি দ্রুততম সময়ের মধ্যে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বব দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
এ ধরনের ক্রমাগত ঘটনায় পেশাজীবীদের হত্যাকাণ্ডে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিমূঢ় ও শোকাহত। একজন প্রকৌশলী কিংবা একজন ডাক্তার তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হওয়াটা পেশাজীবীদের জীবনের নিরাপত্তা ঝুঁকির বিষয়টিকে সামনে নিয়ে এসেছে । পেশাজীবীরা যদি কর্মক্ষেত্রে নিরাপদ বোধ না করেন, তাহলে তারা নিবেদিতভাবে পেশাগত সেবা প্রদান করতে পারবেন না এবং দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে।
এর প্রেক্ষিতে দেশের পেশাজীবীদের নিজ নিজ কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আহ্বান জানাচ্ছে।












