রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচলে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
বুধবার (২৪ জুন) সকালে সাড়ে ১১টার দিকে র্যাব-১, পূর্বাচল ক্যাম্প (সিপিসি-৩) রূপগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

র্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর আব্দুল্লাহ আল মেহেদী বলেন, একটি মালবোঝাই ট্রাক ইয়াবার চালানসহ চট্টগ্রাম থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছে। ওই খবরে র্যাবের একটি দল পূর্বাচলে চায়না প্রজেক্ট বাইপাসে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। বিভিন্ন যানবাহন তল্লাশিকালে বেলা সাড়ে ১১টার দিকে ওই মালবোঝাই ট্রাক দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে র্যাব সদস্যরা গতিরোধ করে চালক ও হেলপারকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ট্রাকটি জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।












