দেশের সম্ভাবনাময় পর্যটনশিল্পের বিকাশের লক্ষ্যে ট্যুরিস্ট স্পটসমূহে দেশি-বিদেশি পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য অবস্থান নিশ্চিতের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এজন্য তিনি ট্যুরিস্ট পুলিশের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) পুলিশ সদরদফতরে এক সভায় ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশনা দেন আইজিপি।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের ট্যুরিস্ট পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা, সমন্বয় এবং তাদের সাথে রিজিওনাল কনফারেন্স আয়োজনের কথাও বলেন আইজিপি।
পুলিশ প্রধান বলেন, ট্যুরিস্ট পুলিশের ওয়েবসাইট এবং পেজসমূহ ব্যবহারকারীবান্ধব হতে হবে, যেন পর্যটকরা সহজেই তার কাঙ্ক্ষিত পর্যটন স্পটের অবস্থান, নিরাপত্তা, সুযোগ-সুবিধাসহ অন্যান্য তথ্য সহজে জানতে পারেন।
পর্যটনশিল্পকে জনপ্রিয় করার মাধ্যমে এ খাতকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অন্যতম খাত হিসেবে গড়ে তোলার জন্য ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাদের নির্দেশনা দেন আইজিপি।












