চট্টগ্রাম নগরের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা। কর্তৃপক্ষ বলছে, তারা প্রতিদিনের নমুনার রিপোর্ট প্রতিদিনই সরবরাহ করবেন। এক্ষেত্রে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।
শেভরনের ব্র্যান্ডিং ম্যানেজার শাফায়াত ধ্রুব বলেন, ‘করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য নগরের হালিশহরে বায়ো সেফটি ল্যাব তৈরি করেছে শেভরন। এছাড়া নমুনা সংগ্রহের জন্য নগরের জিইসি কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছে। আগ্রহীরা চাইলে অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারেন। অথবা যে কেউ জিইজি কনভেনশন সেন্টারে এসে রেজিস্ট্রেশন করে নমুনা দিতে পারেন।’
সরকারিভাবে চট্টগ্রামের চারটি ল্যাবে বর্তমানে করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষা চলছে। এগুলো হচ্ছে- বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।
এছাড়া বেসরকারিভাবে ইমপেরিয়াল হাসপাতালে সম্প্রতি করোনা পরীক্ষা শুরু হয়েছে।
চট্টগ্রামের চারটি ল্যাবে চট্টগ্রাম মহানগর এবং জেলা ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নমুনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুধুমাত্র চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা চলছে।












