লকডাউন বাস্তবায়নে আমরা প্রস্তুত : তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমরা লকডাউন বাস্তবায়নে প্রস্তুত রয়েছি। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন পাওয়ার সঙ্গে সঙ্গেই লকডাউন বাস্তবায়ন নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে এবং পরের দিনই আমরা কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির সমন্বয় সভা করেছি। আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। এখন আমরা এলাকাভিত্তিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’

মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস (ছবি: ফোকাস বাংলা)

অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করেও বাংলাদেশ আওয়ামী লীগ কখনও নীতি-আদর্শ থেকে বিচ্যুত হয়নি জানিয়ে মেয়র তাপস আরও বলেন, ‘গণমানুষের অধিকার আদায় ও জনগণের কল্যাণেই বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় কার্যক্রম পরিচালনা করেছে এবং সে ধারা অব্যাহত থাকবে।’

‘বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তারই নেতৃত্বে এই করোনা মহামারিকেও অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে’ বলে এ সময় মেয়র তাপস আশাবাদ ব্যক্ত করেন

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন