বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘সংগ্রাম’র কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যম এ যুদ্ধ জাহাজের কমিশনিং করেন।
বানৌজা ‘সংগ্রাম’র কমিশনিংয়ের মধ্যদিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গভীর সমুদ্রে দীর্ঘ সময়ব্যাপী মোতায়েনযোগ্য এ জাহাজর মাধ্যমে বিশাল সমুদ্র এলাকায় অনুপ্রবেশ ঠেকানো, চোরাচালান ও জলদস্যুতা রোধ, সমুদ্রে উদ্ধার তৎপরতা, সমুদ্র অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনাসহ মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল, গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দকৃত ব্লকসমূহের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে নৌবহরে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ও যুদ্ধ সরঞ্জামে সজ্জিত আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট। নৌবহরের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ নৌবাহিনীর বহরে যুক্ত হলো।












