সরকারি বোরো সংগ্রহের ক্ষেত্রে চলতি মৌসুমে একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন টনের পরিবর্তে ছয় টন ধান কেনা যাবে।
রোববার (১৪ জুন) ‘অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা, ২০১৭’ সংশোধন করে এ পরিমাণ নির্ধারণ করে এ বিষয়ে ব্যবস্থা নিতে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
বর্তমান বোরো সংগ্রহ মৌসুমের ক্ষেত্রে উল্লিখিত অনুচ্ছেদে বর্ণিত ধান ক্রয়ের ঊর্ধ্বসীমা তিন মেট্রিক টনের পরিবর্তে ছয় মেট্রিক টন নির্ধারণ করা হলো।
এক্ষেত্রে মাঝারি ও উচ্চ ধরনের কৃষকের প্রকৃত তালিকার মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকের নিকট থেকে সর্বোচ্চ ছয় মেট্রিক টন গম সংগ্রহ করা যাবে। তবে কোনোক্রমেই ব্যবসায়ী/ফড়িয়া বা মধ্যস্বত্বভোগী কারো কাছ থেকে ধান সংগ্রহ করা যাবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চলতি বোরো মৌসুমে সরকারিভাবে আট লাখ টন ধান এবং ১০ লাখ টন সিদ্ধ চাল ও দেড় লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ধান, ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে আতপ চাল কেনা হচ্ছে।












