ফুটবল কত বড় উপহার, বিরতির পর বুঝতে পারছেন মেসি

ফুটবলটা তার রক্তে। শয়নে-স্বপনে, নিদ্রায়-জাগরণে শুধুই ফুটবল। অথচ প্রাণের এই খেলাটার বাইরে লিওনেল মেসি প্রায় তিন মাস। করোনার কারণে তো সব দেশেই খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল একেবারে।

গত মার্চে সর্বশেষ লা লিগার ম্যাচ হয়েছে। তারপর থেকে বন্ধ। কবে কখন শুরু হবে, বলা যাচ্ছিল না। অবশেষে নানা চড়াই উৎরাই পেরিয়ে বিধি নিষেধকে সঙ্গী করে মাঠে ফিরছে স্প্যানিশ ফুটবল।

দীর্ঘ বিরতির পর আজ রাতে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মায়োর্কার মাঠে খেলবে বার্সেলোনা। এর আগে খেলার সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক ভিডিওতে বার্সেলোনা অধিনায়ক জানান, আবার খেলার সুযোগ পেয়ে তিনি কতটা রোমাঞ্চিত।

ফুটবলকে জীবনের একটা ‘উপহার’ মনে করেন মেসি। বার্সা সুপারস্টার বলেন, ‘খেলার বাইরে থাকাটা আমার মধ্যে ভাবনার জন্ম দিয়েছে। অন্য খেলোয়াড়দের মতোই অনুভূতি হয়েছে। আমি শুধু খেলতে চাই। খেলতে পারাটা বড় একটা উপহার। কত মানুষের সমর্থন পাই, এমনকি আরও বেশি কিছু।’

মেসি যোগ করেন, ‘অন্যকে অনুপ্রাণিত করা, নিজে অনুপ্রাণিত হওয়া। সম্ভবত এটা সবার জন্যই সেরা এক উপহার, অন্যদের আনন্দ দিতে পারা। তাই এখন যেহেতু খেলা আবারও শুরু হচ্ছে, আমি এই উপহার নিতে প্রস্তুত।’

লিগ টেবিলে ২৭ রাউন্ড শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে এক নম্বরে আছে বার্সেলোনা। শিরোপা লড়াইয়ে তাই বেশ চ্যালেঞ্জের মুখেই আছে তারা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন