এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকাবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
ঢাকা উত্তর সিটিতে ১৯৭ বাড়ি পরিদর্শন করে ৪৬ বাড়িতে এডিসের লার্ভা পেয়েছে মনিটরিং টিম। এ সময় চার লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ম্যালেরিয়া ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ০১, ০৪, ০৭, ০৮, ১১, ২০, ২১, ২৪, ২৫, ২৭, ৩৩ ও ৩৫ নম্বর ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মোট ১৯৭টি বাড়ি পরিদর্শন করা হয় এবং ৪৬টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতি পাওয়া যায়। বেশকিছু বাড়িতে এডিস মশার সম্ভাব্য প্রজনন উৎস পরিলক্ষিত হয়।
আফসানা আলমগীর খান বলেন, অভিযান পরিচালনাকালে টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট এডিস মশার লার্ভা পাওয়া বাড়িগুলোকে চার লাখ ৪৯ হাজার টাকা টাকা জরিমানা করেন এবং সম্ভাব্য বাড়িগুলোকে সতর্ক করেন।
তিনি বলেন, ২৭ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কিছু বাড়িতে ছাদকৃষিতে ব্যবহৃত টবে ও পাখির খাঁচায় পানির কৌটাতে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতি পাওয়া গেছে এবং এ বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে বিশেষত নির্মাণাধীন ও বহুতল ভবনের চৌবাচ্চা, লিফটের গর্ত, পানির মিটারের গর্ত এবং প্লাস্টিক ড্রামের জমানো পানিতে স্প্রে ম্যানের সহায়তায় কিটনাশক স্প্রে করা হয় এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের সহযোগিতায় নির্মূল ও ব্যবস্থাপনার যোগ্য পাত্রসমূহ যেমন—দই পাত্র, পরিত্যক্ত পাত্র, পরিত্যক্ত ফুড কনটেইনার ইত্যাদি নির্মূল করা হয় বলে জানান ডা. আফসানা।












