রাতে কোহলি ও তামিমের লাইভ আড্ডা

ক্রিকেটার তামিম ইকবালকে সবাই চেনেন, করোনাভাইরাসের মধ্যে পাওয়া গেলো নতুন এক তামিমকে। যিনি সঞ্চালক হিসেবেও দারুণ। করোনার সংকটময় পরিস্থিতিতে মানুষের মনে খানিক আনন্দে দেয়ার উদ্দেশ্যে শুরু করেছেন ফেসবুক লাইভ সেশন।

গত ২ মে থেকে শুরু হওয়া এ লাইভ সেশন পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আর তামিমও দিচ্ছেন একের পর এক চমক। শুরুর দিকে দেশি ক্রিকেটারদের নিয়ে করলেও, গত বুধবার প্রথম চমকটা দেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে আড্ডায় এনে।

পরে শুক্রবার তিনি এ লাইভ করেন ভারতের মারকুটে ওপেনার ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মাকে। যা পায় তুমুল দর্শকপ্রিয়তা। সবাই সঞ্চালক তামিমের প্রশংসায় মেতে ওঠেন। রোহিতের সঙ্গে সেই লাইভ সেশনটি ছিল দারুণ মজাদার।

সে ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন ভারতের আরেক তারকা ক্রিকেটার, বর্তমান অধিনায়ক ও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অন্যতম বিরাট কোহলিকে। আজ (সোমবার) রাত সাড়ে ১০টায় তামিমের সঙ্গে ফেসবুক লাইভে যোগ দেবেন কোহলি।

উল্লেখ্য, সর্বপ্রথম মুশফিকুর রহীমের সঙ্গে ২ মে এ লাইভ করেছিলেন তামিম। পরদিন ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ দুটি পর্বই হয়েছিল ইন্সটাগ্রামে। পরবর্তীতে দর্শক অনুরোধের মুখে নিজের লাইভ সেশনটি ফেসবুকে নিয়ে আসেন তামিম।

গত ৪ মে ফেসবুক লাইভের প্রথম দিন উপস্থিত ছিলেন জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া দুই পেসার তাসকিন আহমেদ-রুবেল হোসেন, তিন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমন এবং তিন ব্যাটসম্যান মুমিনুল হক, সৌম্য সরকার ও লিটন দাসকে নিয়েও লাইভ করেছেন তামিম।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন