আধিপত্য বিস্তার নিয়ে ২ জনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে ২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আহত হয়েছে আরও ৫জন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে সোমবার দুপুর ১২টার দিকে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলো ধুলিয়া পাড়া গ্রামের লুকমান মন্ডলের ছেলে কলেজ শিক্ষার্থী অভি মন্ডল (২৫) এবং একই গ্রামের মুদি ব্যবসায়ী মনজের মন্ডলের ছেলে লাল্টু মন্ডল(৪০)। এ নিয়ে শৈলকুপাতে গত ২ সপ্তাহের ব্যবধানে ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

স্থানীয়রা জানায় শৈলকুপার ধুলিয়াপাড়া গ্রামে মন্ডল ও খাঁ নামে দুটি সামাজিক দল আছে। এর একটিতে নেতৃত্ব দিচ্ছে মহুরী মগগুল মন্ডল অন্যদিকে আব্দুর রশিদ খাঁ। দীর্ঘ কয়েক বছর গ্রামটিতে সহিংসতা, হাঙ্গামা চলে আসছে। গতকালও আবেদ খাঁ নামের একজন গুরুত্বর আহত হয়। আর এসবের জের ধরে মগগুল মহুরী ওরফে মগগুল মন্ডলের ভাতিজা অভিসহ দুজনকে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে হামলা চালিয়ে বাড়িতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। এ সময় আরও কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু ও অভিকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন পূর্বের একটি মামলার সূত্র ধরে প্রতিপক্ষের হামলায় ২ জনকে হত্যা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রাম ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ঝিনাইদহের শৈলকুপায় গত ২ সপ্তাহের ব্যবধানে ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল । একের পর এক এমন হত্যাকাণ্ডে ঘটনায় উপজেলাজুড়ে উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। গত মাসের ২৯ এপ্রিল শেখপাড়াতে আরাফাত হোসেন নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর  ৩ মে প্রকাশ্যে সুর্বিদ্দা গোবিন্দপুর গ্রামে জোয়াদ আলী নামে এক মুদি দোকানীকে হত্যা করা হয়। সর্বশেষ ১১ মে প্রকাশ্যে ২ জনকে কুপিয়ে নৃশংসভাবে নিজ বাড়িতেই হত্যা করা হয়।

বার্তা প্রেরক :

মোঃ সাজ্জাদ হোসেন 

শৈলকুপা (ঝিনাইদহ)

 

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন