করোনা চিকিৎসায় সেনাবাহিনীর প্রস্তুতি ও ব্যবস্থাপনা

বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড -১৯) সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের চিকিৎসা জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সব সেনানিবাসের সিএমএইচে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এখন ঢাকা সিএমএইচে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক/অসামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ৮৮ জন আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

আর ভর্তি থাকা বাকি রোগীরা সুস্থ রয়েছেন। এখন পর্যন্ত সেখানে করোনায় ৬ জন রোগী মৃত্যুবরণ করেন। এর মধ্যে ৪ জন ৭০ বছর ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত এবং দুজন কর্মরত সেনা সদস্য, যারা প্রত্যেকেই অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাধিকৃত সদস্য ও তাদের পরিবারবর্গের করোনাভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি) তিনটি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে ১০ টি আরটি-পিসিআর মেশিন রয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় ৩,১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া সব সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুত রয়েছে। পাশাপাশি সিএমএইচগুলোতে পরিকল্পিতভাবে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন