করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষকে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩৮ কোটি ২২ লাখ ৬৭ হাজার ৩৬৩ টাকা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২৯ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা প্রদান করেছে। বাকি অর্থ প্রদান করেছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ। করোনা মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মচারী তাদের একদিনের মূল বেতনের সমপরিমাণ এই অর্থ প্রদান করেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রবিবার এই অর্থের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক।
শিক্ষামন্ত্রী এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মচারীদের তাদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করায় ধন্যবাদ জানান।












