নিউমার্কেটও বন্ধ রাখার সিদ্ধান্ত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত-মৃতের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়লেও ১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার। তবে চলমান এ পরিস্থিতিতে নিউমার্কেট ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ব্যবসায়ীরা।

বিষয়টি ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম (শাহিন) শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নিশ্চিত করেন।

এর আগে রোজায় খুলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক। এই দুই জায়ান্ট শপিংমলের এমন সিদ্ধান্তের পর নিরাপত্তার স্বার্থে বায়তুল মোকাররম মার্কেটও ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে করোনাভাইরাসের মধ্যেও কেনাকাটা করতে আগ্রহী ক্রেতাদের নিজ এলাকার ২ কিলোমিটারের মধ্যের শপিংমলে কেনাকাটার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির আদেশে বলা হয়, ক্রেতারা তাদের নিজ নিজ এলাকার ২ কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিংমলে ঘোষিত সময়ের মধ্যে কেনাকাটা করতে পারবেন। এক এলাকার ক্রেতা অন্য এলাকায় অবস্থিত শপিংমলে কেনাকাটা বা গমনাগমন করতে পারবেন না।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন