করোনাভাইরাস মহামারির কারণে গত ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে গোটা ভারতে। তখন থেকে বন্ধ ছিল সবধরনের মদের দোকানও। আর তাতেই যেন নাভিশ্বাস উঠে গেছে সুরাপ্রেমীদের। সোমবার কিছু এলাকায় মদের দোকান খোলার অনুমতি দিতেই হুমড়ি খেয়ে পড়েছেন তারা। সামাজিক দূরত্বের বালাই নেই, একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি-মারামারি করে লাইন ধরে মদ কিনতে দেখা গেছে দোকানগুলোতে। আর তাতেই একদিনে মদ বিক্রির নতুন রেকর্ড গড়েছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রায় দেড় মাস পর কিছু নির্ধারিত এলাকায় মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোথাও চার ঘণ্টা, কোথাও ছয় ঘণ্টা মদ বিক্রির অনুমতি ছিল। এর মধ্যে চাপানো হয় বাড়তি রাজস্বও। তা সত্বেও মদ বিক্রির হিসাব চমকে দেয়ার মতো। এ থেকে বিপুল রাজস্ব জমা পড়েছে রাজ্যগুলোর কোষাগারে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ভারতে এ পর্যন্ত ৪৯ হাজার ৪০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৬৯৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ১৪২ জন।
সূত্র: হিন্দুস্তান টাইমস, নিউজ১৮












