আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আন্তঃজেলা পরিবহন বা দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।
সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিতকরণ’ শীর্ষক এক আদেশে এ কথা জানানো হয়েছে।
আদেশে আরও বলা হয়, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না, ওই সময় আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে।
প্রতি ঈদে ঢাকাসহ দেশের বিভিন্ন নগর-মহানগর থেকে আন্তঃজেলা পরিবহনযোগে অন্যত্র যাতায়াত করেন লোকজন। এবার করোনাভাইরাস পরিস্থিতি সংক্রমণের মধ্যে এ ধরনের পরিবহন চললে পরিস্থিতির অবনতির শঙ্কা তৈরি হতো।
এখন আন্তঃজেলা পরিবহন বা দূরপাল্লার বাস চলাচল বন্ধের এ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়ানো হয়েছে। জরুরি সেবা দেওয়াসহ দফতরগুলোকে আওতার বাইরে রেখে বিভিন্ন নির্দেশনা মানা সাপেক্ষে আগামী ৬ থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও চার দফায় ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।












