ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেছেন, ফুটবলকে মাঠে ফেরাতে প্রস্তুত খেলোয়াড় ও ক্লাবগুলো। ক্লাবগুলোর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা অনেক লোকসানের মধ্যে রয়েছে। এভাবে চলতে থাকলে ক্লাবগুলোর আর্থিক অবস্থা খারাপই হবে। তাই আমার মনে হয়, মাঠে খেলা ফেরানো উচিত।
স্থানীয় একটি রেডিওকে বোলসোনারো বলেন, ফুটবলাররা যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ও, তাদের মৃত্যুর সম্ভাবনা খুবই কম। কারণ তাদের শারীরিক অবস্থা বেশ ভালো। তারা সবক্ষেত্রেই ফিট। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।
তিনি আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দর্শকশূন্য মাঠে ফুটবল ফেরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা এ নিয়ে কাজ শুরু করব। এমন পরিস্থিতিতে অনেক খেলোয়াড়ই খেলতে চাইবে না। তখন আমাদের অন্য পথে হাঁটতে হবে। সবার জন্য যা ভালো হবে, তাই করা হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গত ১৫ মার্চ ব্রাজিলে সকল খেলাই স্থগিত করা হয়।












