ভারতের চেন্নাই শহরে চিকিৎসার জন্য গিয়ে আটকেপড়া আরও ১৬৭ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। শনিবার দুপুরে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র আরও জানায়, তারা সবাই ভারত থেকে স্বাস্থ্যসনদ নিয়ে এসেছেন। তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে স্ক্রিনিং শেষে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
এর আগে ২৫ এপ্রিল চেন্নাই শহরে আটকেপড়া ১৬৬ বাংলাদেশিকে দেশে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তার আগের দিন চেন্নাই থেকে ১৬৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনে ইউএস-বাংলা।
উল্লেখ্য, গত এক মাসের অধিক সময় ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসার জন্য আটকে রয়েছে হাজার হাজার বাংলাদেশি। গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কোনোভাবেই বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিলেন না। এ পরিস্থিতিতে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আটকেপড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ গ্রহণ করে।












