ভারতের উত্তরপ্রদেশের বানথারার নানমাউ গোদাউলি গ্রামে নিজ পরিবারের ৬ জনকে কুপিয়ে খুন করে হাতে রক্তাক্ত ধারালো অস্ত্র ও দেশি পিস্তল নিয়ে ছেলেকে নিয়ে থানায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ৪৫ বছরের অজয় সিং ও তার ২০ বছরের ছেলে অবিনাশ।
আত্মসমর্পণকারী অভিযুক্ত পুলিশের কাছে জানিয়েছে, তার স্ত্রীর সঙ্গে তার বাবার সম্পর্ক ছিল বলে সন্দেহ হয় তার। তার সন্দেহ ছিল, তাকে কিছু না-জানিয়ে তার বাবার সাহায্য নিয়ে স্ত্রী চাষের ফসল তৈরি করে তা বাপের বাড়িতে পাঠাচ্ছেন।
একসময় সম্পত্তি থেকেও তাকে বঞ্চিত করা হবে বলে সন্দেহ হয়েছিল তার।
পুলিশ কমিশনার সুজিত পাণ্ডে জানিয়েছেন, ২.৫ বিঘা জমি দিতে আপত্তি জানানোর কারণেই পরিবারে নারকীয় হত্যাকাণ্ড চালায় অভিযুক্ত।
এ বিষয়ে কৃষানগরের এসিপি দীপক কুমার সিং জানিয়েছেন, বাবা, মা, ভাই, ভাইয়ের স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে খুন করেছে অভিযুক্ত ওই ব্যক্তি। মৃতরা হলেন, অমর সিং (৬৫), তাঁর স্ত্রী রাম দুলারী (৫৮), তাঁর ভাই অরুণ (৪০), ভাইয়ের স্ত্রী রাম সখি (৩৬), তাদের ছেলে সৌরভ (৯) ও মেয়ে সারিকা (২)।
ওই ব্যক্তির জবানবন্দীতে জানা যায়, প্রথমে উন্নাওয়ের একটি গ্রামে বাবাকে খুন করে ওই অভিযুক্ত। এরপর বাড়ি ফিরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে মাকে।
এরপর দেশি পিস্তল দিয়ে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে ভাইকে গুলি করে। এরপর ভাইয়ের স্ত্রী ও ছেলেমেয়েকে কুপিয়ে খুন করে সে। তাকে এই হত্যালীলায় সাহায্য করে তার ছেলে অবিনাশ।












