রাঙামাটিতে আরও ৬০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিবে সরকার

পার্বত্য জেলা রাঙামাটিতে ওএমএস ও ভিজিএফ সুবিধার বাইরে থাকা আরও অন্তত ৬০ হাজার পরিবারকে মানবিক সহায়তার আওতায় আনতে যাচ্ছে জেলা প্রশাসন। জেলায় বর্তমানে বিশেষ ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি এবং ভিজিডি কর্মসূচির আওতায় সহায়তা প্রাপ্ত ৪৩ হাজার ৯০০ পরিবার এর বাইরে থাকা দরিদ্র আরও ৬০ হাজার পরিবারকে মানবিক খাদ্য সহায়তার আওতায় আনছে রাঙামাটি জেলা প্রশাসন।

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানিয়েছেন, পুরো জেলায় খেটে খাওয়া দরিদ্র শ্রেণির মানুষজন যারা করোনা পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় ঘরবন্দী আছে সে সকল পরিবারদের বাছাই করে তাদের নামীয় তালিকা আগামী ৩ মে এর মধ্যেই ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় এই কার্যক্রম হাতে নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। তালিকানুসারে এসব পরিবারগুলোকে বিশেষ কার্ডের মাধ্যমে প্রতি পরিবার এক মাসে সর্বোচ্চ ২০ কেজি চাল পাবে। ইতোমধ্যেই তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেওয়ার জন্য রাঙামাটির পৌরসভা, সকল উপজেলার ইউএনওদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি পৌর এলাকায় ৯ হাজার, সদর উপজেলায় ৫ হাজার, লংগদু উপজেলায় ৮ হাজার, বাঘাইছড়ি উপজেলা ও পৌরসভা মিলে ৯ হাজার ৬’শ, কাপ্তাই উপজেলায় ৬ হাজার, রাজস্থলী উপজেলায় ২ হাজার ৮’শ, বিলাইছড়ি উপজেলায় ২ হাজার ৮’শ, নানিয়ারচর উপজেলায় ৪ হাজার ৩’শ, জুরাছড়ি উপজেলায় ২১’শ বরকল উপজেলায় ৪ হাজার ৪’শ এবং কাউখালী উপজেলায় ৬ হাজার পরিবারকে মানবিক সহায়তার আওতায় আনা হবে।

জেলা প্রশাসক জানিয়েছেন, বর্তমানে রাঙামাটিতে চলমান ওএমএস, খাদ্যবান্ধব এবং ভিজিডি কর্মসূচির আওতায় যারা ইতিমধ্যেই সহায়তা পাচ্ছেন, তারা এই ৬০ হাজার পরিবারের তালিকার আওতায় আসবে না। বর্তমান চলমান তালিকা প্রণয়নে কেউ যদি বাদ পড়ে বা কেউ যদি তালিকায় নাম তুলতে আগ্রহী হন, তাহলে তাদেরকে সংশ্লিষ্ট্য ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলরদের সাথে যোগাযোগ করার আহবানও জানিয়েছেন ডিসি মামুনুর রশিদ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন