রাতে তৃতীয় দফায় ঢাকা ছাড়ছেন জাপানি নাগরিকরা। করোনাভাইরাসের কারণে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়বেন তারা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিজি 7879 ফ্লাইটটি।
দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় এর আগে ২৮ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ১০৯ জাপানি নাগরিক ঢাকা ছাড়েন। আজ আরেকদফা তারা ফিরছেন।
গত ২ এপ্রিল জাপানের ৩২৭ জন নাগরিক দেশে ফিরে যান। প্রথমদফায় ঢাকা ছেড়ে যাওয়া জাপানের নাগরিকদের অধিকাংশই মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেলসহ দেশটির আর্থিক ও কারিগরি সহায়তায় চলমান উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। দ্বিতীয় দফায় যায় ২৮ এপ্রিল। আজ তৃতীয় দফায় ঢাকা ছাড়ছেন তারা।












