একমাত্র রাঙামাটি জেলা এখন পর্যন্ত করোনামুক্ত

দেশের ৬৩টি জেলায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। একমাত্র জেলা হিসেবে রাঙামাটি এখনও করোনাভাইরাস মুক্ত রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দেশের সর্বশেষ জেলা হিসেবে খাগড়াছড়িতে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পরিসংখ্যান মতে,গত ৮ মার্চ বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর ৫৩ দিনের মাথায় এসে ৬৩টি জেলাতে করোনার প্রাদুর্ভাব ঘটলো।

এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ১০৩ জনের। মারা গেছেন ১৬৩ জন। সুস্থ হয়েছেন ১৫০ জন। ৫৯ হাজার ৭০১ জনের করোনা পরীক্ষা পর আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মিলেছে রাজধানী ঢাকায়।

ঢাকা মহানগরেই করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪২৩ জনের। ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জ জেলা। দেশের প্রথম করোনা আক্রান্ত এ জেলায় এ পর্যন্ত ৮৬৩ জন শনাক্ত হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট -আইইডিসিআর সর্বশেষ বুধবার (২৯ এপ্রিল) যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে ৬২ জেলায় করোনা শনাক্তের কথা উল্লেখ করা হয়েছে।৬৩তম জেলা হিসেবে বুধবারই খাগড়াছড়িতে করোনা শনাক্ত হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আইইডিসিআর প্রতিদিন দুপুরে যে তালিকা প্রকাশ করে সেটা ওইদিন সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টার শনাক্তের তথ্য সন্নিবেশ করা হয়। ফলে আইইডিসিআরের তালিকায় মূলত প্রকাশের দিন আট ঘণ্টা (দিবাগত রাত ১২টা থেকে সকাল ৮টা) এবং আগের দিন ১৬ ঘণ্টার (সকাল ৮টা থেকে রাত ১২টা) তথ্য দেওয়া হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন